ঘুরতে গিয়ে সাইটসিইং নয়, হোটেলেই অলস সময়! Gen Z-এর নতুন ট্রাভেল ট্রেন্ড ‘রুম রটিং’

ছুটি মানেই সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক জায়গা ঘুরে দেখা, ছবি তোলা কিংবা নির্দিষ্ট সূচি মেনে চলা—ভ্রমণের এই চেনা ধারণা বদলে দিচ্ছে Gen Z-এর একাংশ। নতুন ট্রাভেল ট্রেন্ডের নাম ‘রুম রটিং’। অর্থাৎ কোনও সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে হোটেলে চেক-ইন করার পর দিনের একটা বড় অংশ সেখানেই কাটানো, সাইটসিইংয়ের জন্য অযথা ছোটাছুটি না করা এবং নিজের মতো করে বিশ্রাম নেওয়াই এই প্রবণতার মূল কথা। মনোবিদ ড. চাঁদনি তুগনাইটের মতে, এর পিছনে অন্যতম কারণ ব্যস্ত জীবনযাপন। সপ্তাহজুড়ে অফিস, পরিবার এবং নানা দায়িত্ব সামলে ছুটিতে গিয়ে অনেকেই আর ঠাসা কর্মসূচি চান না। বরং হোটেলের ঘরে নিজের মতো করে সময় কাটানো, কাছের মানুষদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা নিছক বিশ্রাম নেওয়াকেই বেশি উপভোগ করছেন তাঁরা। সামাজিক মাধ্যমেও বদল এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেড়াতে গিয়ে প্রতিটি মুহূর্তের ছবি বা ভিডিও পোস্ট করে লাইক-কমেন্ট পাওয়ার যে প্রবণতা ছিল, তার প্রতি Gen Z-এর একাংশের আগ্রহ কমছে। বরং ‘পারফেক্ট ট্রিপ’ দেখানোর বদলে নিজেদের জন্য সময় কাটানোই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অতিরিক্ত পরিকল্পনা, রেস্তরাঁ বুকিং, দীর্ঘ লাইনে অপেক্ষা কিংবা একাধিক পর্যটনস্থল ঘোরার চাপ থেকেও মুক্তি দিচ্ছে এই ধরনের ভ্রমণ। Airbnb ও YouGov-এর ২০২৬ সালের একটি সমীক্ষাতেও দেখা গিয়েছে, প্রায় দুই-তৃতীয়াংশ Gen Z ভ্রমণকারী এমন ট্রিপে যেতে চান যেখানে তাঁরা মূলত কিছু না করেই সময় কাটাতে পারেন এবং প্রায় ৮০ শতাংশ তাঁদের ভ্রমণের অন্তত অর্ধেক সময় থাকার জায়গাতেই কাটান। তবে ‘রুম রটিং’-এর অর্থ যে সারাক্ষণ হোটেলের ঘরেই বন্দি থাকা, তা নয়। মূল বিষয় হল ছুটির সময়টাকে চাপমুক্ত রাখা এবং সাইটসিইং ও বিশ্রামের মধ্যে নিজের পছন্দমতো ভারসাম্য তৈরি করা। অর্থাৎ ভ্রমণ মানেই ব্যস্ত সূচি নয়—কখনও কখনও সুন্দর কোনও জায়গায় গিয়ে কিছু না করেও সময় কাটানোই হয়ে উঠতে পারে আসল ছুটি।

error: Content is protected !!