```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামীকাল কালীঘাটে দলের জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পৌরভোটের প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরে তৈরি হওয়া সংঘাত ও আইপ্যাকের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দূরত্ব বৃদ্ধির জল্পনার মধ্যেই দলের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সূত্রে খবর, শনিবার কালীঘাটে বিকেল পাঁচটায় এই বৈঠক ডেকেছেন মমতা ৷ সেখানে হাজির থাকতে বলা হয়েছে দলের সমস্ত শীর্ষ নেতাকে ৷ চলতি পরিস্থিতিতে এই বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ গত কয়েকদিনের ঘটনাক্রমের দিকে তাকালে দেখা যাবে, তৃণমূলের অন্দরেই একাধিক অস্বস্তিকর পরিস্থিতি ও সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে ৷ পৌরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ নিয়ে ঘাসফুলের অন্দরে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে বার্তা দিতে হয়েছিল স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকা না দিয়ে কেন দলের ওয়েবসাইটে ভুল তালিকা দেওয়া হল, তা নিয়ে ক্ষুব্ধ হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ প্রশান্ত কিশোরের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ভূমিকা নিয়েও দলের অন্দরে ক্ষোভ ছড়ায় বলে খবর ৷ প্রার্থীতালিকা নিয়ে বিভ্রান্তি কাটাতে স্বয়ং মমতাকে বলতে হয়েছিল, “সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকাই চূড়ান্ত ৷” এই বিতর্কের রেশ এতদূর গড়িয়েছে যে, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের চুক্তি বাতিল হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে ৷ এরই মধ্যে শুক্রবার আইপ্যাকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আনফলো করে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ বিতর্কের জল আরও গড়ায় ৷ যদিও পরে আবার মমতাকে টুইটারে ফলো করা শুরু করে আইপ্যাক ৷ এরই মধ্যে দলবিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ৷ শুক্রবারই আবার দেখা যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক যুবনেতা সোশ্যাল মিডিয়ায় দলের মধ্যে এক ব্যক্তি এক পদ নীতির পক্ষে সওয়াল করেছেন ৷ যার প্রেক্ষিতে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম আবার বলেছেন, এক ব্যক্তি এক পদ নীতি দল ও তৃণমূল নেত্রী অনুমোদন করেন না ৷ তৃণমূলের অন্দরে চাপা গুঞ্জন, দল পরিচালনা নিয়ে তৃণমূলের শীর্ষ প্রবীণ নেতাদের সঙ্গে নতুন প্রজন্মের নেতাদের মতানৈক্য তৈরি হয়েছে ৷ দলের সাধারণ সম্পাদক পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়তে চান বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে ৷ এই অবস্থায় শনিবার মমতার এই জরুরি বৈঠকের ডাক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ 

error: Content is protected !!