
ভারতীয় ফুটবলে বড় পরিবর্তন! খেলোয়াড় নিবন্ধনে DigiLocker যাচাই বাধ্যতামূলক করল AIFF
ভারতীয় ফুটবলে স্বচ্ছতা ও নথির নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। এবার থেকে AIFF Centralised Registration System (CRS)-এ নিবন্ধিত সমস্ত ভারতীয় ফুটবলারের জন্য DigiLocker ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।AIFF-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি ভারতীয় ফুটবলারের আধার-সংযুক্ত DigiLocker অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে CRS প্রোফাইল যাচাই সম্পন্ন করতে হবে। ক্লাবগুলি আগের মতোই খেলোয়াড়দের প্রোফাইল তৈরি ও প্রয়োজনীয় নথি আপলোড করবে। তবে CRS অনুমোদনের পাশাপাশি DigiLocker ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে কোনও খেলোয়াড় AIFF আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।AIFF আরও জানিয়েছে, ভবিষ্যতে AIFF-স্বীকৃত প্রতিযোগিতায় অংশগ্রহণের বিভিন্ন সার্টিফিকেটও সরাসরি খেলোয়াড়দের DigiLocker অ্যাকাউন্টে আপলোড করা হবে। ফলে প্রতিটি খেলোয়াড়ের জন্য সক্রিয় DigiLocker অ্যাকাউন্ট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ফেডারেশনের মতে, এই উদ্যোগের ফলে খেলোয়াড়দের পরিচয় যাচাই আরও নির্ভুল হবে, জাল নথি ব্যবহারের সম্ভাবনা কমবে এবং ভারতীয় ফুটবলের ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।

