টানা চতুর্থবার মেয়াদ বৃদ্ধির হল কেন্দ্রীয়স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার
লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিভিন্ন শীর্ষ পদে ‘জো-হুজুর’ আধিকারিকদের মেয়াদ বাড়ানোর পথে হাঁটছে মোদি সরকার। ক্যাবিনেট সচিবের মেয়াদ বৃদ্ধির ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তথা আমলা মহলে ‘বিজেপির ঘরের লোক’ হিসেবে পরিচিত স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে টানা চার বার মেয়াদ বৃদ্ধি করা হল ‘বিজেপির ঘরের লোক’ হিসেবে পরিচিত ১৯৮৪ ব্যাচের আইএএস আধিকারিকের। দ্বিতীয়বার মোদি সরকার ক্ষমতায় ফেরার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন অমিত শাহ। আর তার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব নিয়োগ করেন ১৯৮৪ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস আধিকারিক অজয় কুমার ভাল্লাকে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই অমিত শাহের নির্দেশে বিজেপি বিরোধী রাজ্য সরকারগুলিকে নানা কারণে হেনস্থা করতে শুরু করেন বলে অভিযোগ ওঠে। ২০২১ সালের অগস্ট মাসে কার্যকালের মেয়াসদ শেষ হওয়ার আগে ফের এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। গত বছর ফের তৃতীয়বারের মতো মেয়াদ বাড়ানো হয়। তখন দিল্লির রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, আর হয়তো মেয়াদ বাড়বে না ভাল্লার। কিন্তু শুক্রবার ফের এক বছর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ২২ অগস্ট পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে রেখে দেওয়া হয়েছে ভাল্লাকে।

