
কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গ জুড়ে রেল অবরোধের ডাক কেপিপি-র
এবার উত্তরবঙ্গে পৃথক কামতাপুর-এর দাবিতে সোচ্চার হল কামতাপুর পিপলস পার্টির দুটি শাখা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়ে দিল, পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আগামী ৬ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গে রেল অবরোধ করা হবে। মালদা থেকে কোচবিহারের সব স্টেশনে ট্রেন রুখে দেবে কামতাপুর কর্মীরা। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেসক্লাবে ওই ঘোষণা করতে যৌথ সাংবাদিক সম্মেলন করে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড ও কামতাপুর পিপলস পার্টি প্রোগ্রেসিভ। সাংবাদিক সম্মেলনে কেপিপির যৌথ ফোরামের তরফে নিখিল রায় বলেন, ১৯৬৯ সাল থেকে আমরা পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি নিয়ে আন্দোলন করে আসছি। উত্তরবঙ্গের ৮ জেলাকে নিয়ে পৃথক কামতাপুর রাজ্য তৈরি করতে হবে। আমাদের কথা ভাবতে হবে। এখানকার মানুষের উন্নতির জন্য একটি পূর্ণ রাজ্যের প্রয়োজন। সেই লক্ষ্যেই রেল অবরোধ করার ডাক দিয়েছি। আমরা চাই মানুষ পৃথক রাজ্যের দাবিতে সরব হোক। কামতাপুর পিপলস পার্টির অভিযোগ, উত্তরবঙ্গে ভূমিপুত্রেদের সবদিক থেকে বঞ্চিত করছে সরকার। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পৃথক রাজ্যই একমাত্র পথ। এনিয়ে ইতিমধ্যেই দাবিপত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। কামতাপুর পিপলস পার্টির(প্রোগ্রেসিভ )সভাপতি অমিত রায় বলেন, আগামী ৬ ডিসেম্বর রোল রোকো আন্দোলনের ডাক দিয়েছি। মূলত পৃথক রাজ্যের দাবিতেই এই আন্দোলন।

