
কৃষকবন্ধু প্রকল্পে বড় বদল! ৩০ লক্ষ নাম বাদ, সুবিধা পেতে বাধ্যতামূলক ‘কৃষকবন্ধু নিউ’-তে আবেদন
রাজ্যের কৃষকদের জন্য চালু হতে চলেছে ‘কৃষকবন্ধু নিউ’। এই নতুন ব্যবস্থার আওতায় কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে নতুন করে আবেদন করতে হবে। একই সঙ্গে পুরনো সুবিধাভোগীদের তালিকা থেকে প্রায় ৩০ লক্ষ নাম বাদ যেতে পারে বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।জানা গিয়েছে, চলতি জুলাই মাসের মধ্যেই নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পৌঁছে দেবে এবং সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।নবান্ন সূত্রে খবর, বর্তমানে পুরনো কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর যাঁরা প্রকৃত যোগ্য সুবিধাভোগী, তাঁদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একই পরিবারের একাধিক সদস্যকে আর আলাদা করে আবেদন করতে হবে না, ফলে আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হবে।সম্প্রতি কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN)-সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে আরও বেশি কৃষককে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। কৃষকদের সরকারি সুবিধা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দিতেই এই নতুন উদ্যোগ বলে প্রশাসনের দাবি।সরকারের তরফে কৃষকদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্ধারিত সময়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নতুন তালিকা প্রকাশের পর যোগ্য কৃষকরাই ‘কৃষকবন্ধু নিউ’ প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। ফলে যাঁরা এখনও আবেদন করেননি বা তথ্য হালনাগাদ করেননি, তাঁদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

