শেষদিকে মানভীরের গোলে চেন্নাইয়িনকে হারাল মোহনবাগান, যুবভারতীতে সবুজ-মেরুনের তিন পয়েন্ট

শেষ মুহূর্তের গোলেই জয় নিশ্চিত করল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন। ম্যাচের ৮৫ মিনিটে মানভীর সিংয়ের গোলে নির্ধারিত হয় ফল। গোটা ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোলরক্ষক মহম্মদ নওয়াজ ও বিশাল কাইথের দুরন্ত সেভে দীর্ঘক্ষণ গোলশূন্য থাকে খেলা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল চেন্নাইয়িন। দূর থেকে নিকোলা স্তোয়ানোভিচের শট লক্ষ্যের উপর দিয়ে চলে যায়। পরে ব্রিসন ফার্নান্দেজ ও ইরফান ইয়াদওয়াদও গোলের কাছাকাছি পৌঁছন। ফার্নান্দেজের শট অল্পের জন্য বাইরে যায়, আর স্তোয়ানোভিচের ক্রস থেকে ইয়াদওয়াদের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। মোহনবাগানের হয়ে সামির জেলকোভিচের শট আটকে দেন নওয়াজ। কর্নার থেকে পাওয়া সুযোগে অ্যালবার্তো রদ্রিগেজও কাছ থেকে গোল করতে পারেননি। অন্যদিকে, ইয়াদওয়াদ ও মাদিহ তালালের প্রচেষ্টা আটকে দেন কাইথ। নওয়াজও লি এরউইন ও দেজান দ্রাজিচের শট রুখে দেন। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর সাহাল আবদুল সামাদকে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে মোহনবাগান। পরে অনিরুদ্ধ থাপাও মাঠে নামেন। চেন্নাইয়িন পালটা আক্রমণে চাপ বজায় রাখে। ইয়াদওয়াদ ও রামনের শট সেভ করেন কাইথ। নামগ্যাল ভুটিয়া ও ফার্নান্দেজের প্রচেষ্টাও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির একটি আসে যখন প্রাকাদেশ্বরনের পাস থেকে স্তোয়ানোভিচের বাঁ পায়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও কাইথ আরও একটি গুরুত্বপূর্ণ সেভ করে চেন্নাইয়িনকে এগিয়ে যেতে দেননি। ম্যাচের শেষদিকে লিস্টন কোলাসো ও অভিষেক সূর্যবংশীকে নামান মোহনবাগান কোচ। সেই পরিবর্তনের সুফল মেলে দ্রুত। কোলাসোর ক্রস বক্সে পৌঁছতেই মানভীর কাছ থেকে বল পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণ করে জালে পাঠান। ৮৫ মিনিটের সেই গোলেই এগিয়ে যায় মোহনবাগান। বাকি সময় চেন্নাইয়িন সমতা ফেরানোর চেষ্টা করলেও সবুজ-মেরুন রক্ষণ ও কাইথের দৃঢ়তায় আর গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ঘরের মাঠে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মোহনবাগান সুপার জায়ান্ট।

error: Content is protected !!