নষ্ট হতে পারে গুরুত্বপূর্ণ নথি, রাতেই বসল স্পেশাল কোর্ট, কাল দুপুর পর্যন্ত এসএসসি দফতরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী

এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে ফের মামলা আদালতে। জরুরি ভিত্তিতে শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। এসএসসি মামলার তথ্য নষ্ট করা হতে পারে অভিযোগে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের মামলা হয় হাইকোর্টে। সেই মামলার পরিপেক্ষিতে রাতেই স্পেশাল কোর্ট বসানোর সিদ্ধান্ত নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ‘প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন বলেই শুনানিতে বসেছি’। শুনানিতে হার্ড ডিস্ক-সহ সমস্ত তথ্য সংরক্ষণের দাবি জানানো হয়। পাশাপাশি এসএসসি অফিসের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করার দাবিও করা হয়। শুনানীর পরে আদালতের নির্দেশ, এখনই নির্দেশের কপি সিআরপিএফ-কে দেওয়া হোক। বৃহস্পতিবার সকালেই মামলকারীরা কোর্টে আসতে পারেন। রাত সাড়ে ১২টার পর কেউ ঢুকতে পারবেন না এসএসসি অফিসে। সাড়ে ১২টার মধ্যে আচার্য সদন ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী। সচিবকে সিসিটিভি ফুটেজ নিয়ে আসার নির্দেশও দেওয়া হয়। বিচারপতির চেম্বার থেকেই কেন্দ্রীয় বাহিনীর অফিসে ফোন করা হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ফোনে কথা বলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত।

error: Content is protected !!