
রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা
রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। রাজ্যসভা নির্বাচনে বিজেপির ডামি প্রার্থী রথীন্দ্র বসু মনোনয়ন প্রত্যাহার করে নিলেন শনিবার। এদিন বিধানসভায় এসে সহ-সচিবের কাছে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন রাজ্য বিজেপির সহ-সভাপতি। বিজেপির ডামি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ফলে আগামী ২৪ জুলাই বিধানসভায় রাজ্যসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে না। তৃণমূলের তরফে যে ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন। সেই সঙ্গে বিজেপির তরফে অনন্ত মহারাজকেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না আর। আগামী সোমবার জয়ী প্রার্থীদের জয়ের শংসাপত্র দেওয়া হবে বলে বিধানসভা সূত্রের খবর। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে ডেরেক-ও-ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম এবং প্রকাশ বড়াইককে। আর একটি আসনে উপনির্বাচনের জন্য তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন সাকেত গোখলে। রথীন্দ্র সরে দাঁড়ানোয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থীরা। গেরুয়া শিবিরের তরফে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো প্রসঙ্গে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী জানান, অনন্ত মহারাজ উত্তরবঙ্গে বহু সামাজিক সংস্কারের কাজ করেছেন। তাই তাঁর মতো এক জন ব্যক্তিকে বিজেপি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ায় আমরা গর্বিত।

