স্কুলে মোবাইল ব্যবহারে কড়া নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের, বিশেষ অনুমতি ছাড়া ফোন আনা যাবে না

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছাত্রছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, স্কুল চলাকালীন ক্লাসরুম, পরীক্ষা, প্রার্থনা-সমাবেশ এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে মোবাইল ফোন আনা বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ছাড় রাখা হয়েছে। দীর্ঘ দূরত্বে যাতায়াত, চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন বা অন্য কোনও বিশেষ কারণে প্রধান শিক্ষকের পূর্বানুমতি নিয়ে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন স্কুলে আনতে পারবে। সেক্ষেত্রেও ফোন সাইলেন্ট বা সুইচ-অফ অবস্থায় রাখতে হবে এবং স্কুল চলাকালীন ব্যবহার করা যাবে না।নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ মোবাইল নিরাপদে সংরক্ষণের জন্য নিজস্ব ব্যবস্থা করতে পারবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বশীল ও নৈতিক ডিজিটাল ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিভাবকদেরও বিশেষ প্রয়োজন ছাড়া সন্তানদের মোবাইল ফোন নিয়ে স্কুলে না পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে সরাসরি স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।শিক্ষা মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে স্কুলের ভিতরে মোবাইল ব্যবহার, সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বা রিল তৈরি এবং পড়াশোনায় মনোযোগ কমে যাওয়ার অভিযোগ বাড়ছিল। সেই প্রেক্ষিতেই এই কড়া নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়া প্রতিটি স্কুলে ডিজিটাল সুস্থতা (Digital Wellbeing) এবং সাইবার সচেতনতা নিয়ে কর্মসূচি আয়োজনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

error: Content is protected !!