
নন্দকুমার থেকে দীঘাগামী রেল লাইনে ধস, বন্ধ ট্রেন চলাচল
নন্দকুমার থেকে দীঘাগামী রেল লাইনে ধসের জেরে বন্ধ ট্রেন চলাচল। শনিবার পূর্ব মেদিনীপুরের উত্তর নরঘাট এলাকার গিরির চক এলাকায় রেল লাইনে ধস নামার ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, শনিবার উত্তর নরঘাট এলাকার গিরির চক এলাকায় রেল লাইনের মাঝে বিশাল গর্ত দেখতে পান স্থানীয় মানুষজন। যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে, সেই আশঙ্কায় তাঁরা বিষয়টি জানিয়ে খবর দেন নন্দকুমার রেল স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে রেলের ইঞ্জিনিয়াররাও পৌঁছন ঘটনাস্থলে। প্রায় ১৫ ফুটের মতো বিশাল গর্ত তৈরি হয়েছে দুই লাইনের মাঝামাঝি স্থানে।

