থানায় ডেকে ইলেকট্রিক শক ও মারধরের অভিযোগ, ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর

ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও মিতুন কুমার দে-কে ঘিরে বড় বিতর্ক সামনে এল। এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযোগ, এসডিপিও থাকাকালীন থানায় ডেকে তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।অভিযোগকারী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ডাঃ তমাল কুমার হালদারের দাবি, তাঁকে থানায় ডেকে নগ্ন করে মারধর করা হয় এবং বিদ্যুতের শক দেওয়া হয়। একই ধরনের নির্যাতনের অভিযোগ তুলেছেন এক সাংবাদিকও। এই দুই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের একটি ঘটনার জেরে এই অভিযোগ সামনে এসেছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর গত ১১ মে প্রথম অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ১৫ জুন আরও একটি অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগগুলির ভিত্তিতেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে মিতুন কুমার দে-কে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, মিতুন কুমার দে পরবর্তীকালে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদেও দায়িত্ব পালন করেছিলেন। পরে পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেন। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে খড়গপুর এসআরপি পদে বদলি করা হয়।এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।

error: Content is protected !!