বালির দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ! গাড়ির ভিতর পুড়িয়ে খুন বিজেপি নেতা, গ্রেপ্তার ৪

ছত্তীসগড়ের কোরিয়া জেলায় বালিখাদকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি নেতা তথা প্রাক্তন জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংকে গাড়ির ভিতরে আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নৃশংস ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বালিখাদ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে কোরিয়ার নৌগাই গ্রামের কাছে ভারত সিং তাঁর সহযোগীদের নিয়ে বিরোধ মেটানোর জন্য বৈঠকে যান বলে পরিবারের দাবি। সেই সময় পরিকল্পিতভাবে তাঁদের গাড়ির পথ আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর একটি টিপার ট্রাক দিয়ে এসইউভি গাড়িটিকে ধাক্কা মেরে আটকে দেওয়া হয় এবং পরে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।ঘটনায় ভারত সিং গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ হন। তাঁর সঙ্গে থাকা নাগেন্দ্র সিং ও বীরেন্দ্র সিংয়েরও মৃত্যু হয়। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তদন্তে নেমে পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক তদন্তে বালিখাদ সংক্রান্ত পুরনো ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এই হামলা হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

error: Content is protected !!