
‘প্রশ্ন করা ভালো, কিন্তু রাষ্ট্রের প্রতি দায়িত্বও সবার’, IIT দিল্লির সমাবর্তনে Gen Z-কে বার্তা মোদির
দিল্লির IIT-এর ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্ম তথা Gen Z-কে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যে উঠে এল প্রশ্ন করার সাহস, নিজেই সমস্যার সমাধান খোঁজা, নিরন্তর শেখা এবং দেশের প্রতি দায়িত্ববোধের কথা।সমাবর্তনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রজীবনের পরীক্ষা শেষ হলেও জীবনের আসল পরীক্ষা এরপরই শুরু হয়। ক্যাম্পাসের বাইরে জীবনের প্রশ্নের উত্তর কোনও নির্দিষ্ট প্রশ্নপত্র বা সিলেবাসে থাকে না। নিজেকেই প্রশ্ন করতে হবে এবং নিজেকেই তার সমাধান খুঁজে নিতে হবে। তাঁর মতে, যে প্রজন্ম নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখতে পারবে, পরিবর্তিত সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে, তারাই ভবিষ্যতে এগিয়ে যাবে।তরুণদের উদ্দেশে মোদির আরও বার্তা, প্রশ্ন করার অধিকার যেমন সকলের রয়েছে, তেমনই রাষ্ট্রের প্রতি দায়িত্বও প্রত্যেকের। দেশের আগের প্রজন্ম স্বাধীনতার জন্য লড়াই করেছে, আর বর্তমান প্রজন্মের সামনে রয়েছে আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার বড় সুযোগ। আগামী ৩০ থেকে ৩৫ বছর দেশের উন্নয়নের যাত্রায় IIT-এর এই প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও জানান তিনি।এদিন সমাবর্তনে ৩ হাজারেরও বেশি স্নাতক এবং প্রায় ৫৮৭ জন PhD গবেষক ডিগ্রি গ্রহণ করেন। প্রধানমন্ত্রী কৃতী পড়ুয়াদের হাতে President’s Gold Medal, Director’s Gold Medal, Shankar Dayal Sharma Gold Medal এবং Perfect Ten Gold Medal-সহ বিভিন্ন সম্মান তুলে দেন।পাশাপাশি IIT দিল্লির সোনিপত ক্যাম্পাসে AI-চালিত উচ্চক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটিং ব্যবস্থা ‘পরম প্রজ্ঞা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অত্যাধুনিক পরিকাঠামো AI, ডেটা সায়েন্স, উন্নত কম্পিউটিং এবং আন্তঃবিভাগীয় গবেষণার ক্ষেত্রে IIT দিল্লির সক্ষমতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

