
ভারত ম্যাচ ঘিরে ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে তোপ, টিকিটের দাম নিয়েও ক্ষোভ ব্রাজিলীয় মিডিয়ার
যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ৪-০ গোলে জিতেও স্বস্তিতে নেই ব্রাজিলের ফুটবলমহল। ম্যাচের পর ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমে কার্লো আন্সেলোত্তির দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। শুধু ফুটবলারদের নয়, এবার কাঠগড়ায় তোলা হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকেও। ব্রাজিলের সংবাদমাধ্যমের একাংশের অভিযোগ, ভারতের মতো দেশে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে দর্শকদের কথা যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি এবং অতিরিক্ত টিকিটের দাম সাধারণ ফুটবলপ্রেমীদের মাঠে আসার পথে বাধা তৈরি করেছে। ব্রাজিলের ‘ট্রিভেলা’ সংবাদমাধ্যমে সাংবাদিক কার্লোস ভিনিসিয়াস আমোরিমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত ও অস্ট্রেলিয়ায় ব্রাজিলের ম্যাচ দেখতে টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছিল। ফলে ব্রাজিলের মতো জনপ্রিয় দলের ম্যাচ দেখার আগ্রহ থাকা সত্ত্বেও বহু সাধারণ সমর্থক মাঠে যেতে পারেননি বলে ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। যদিও সরকারি হিসাবে যুবভারতীতে প্রায় ৫১ হাজার দর্শক উপস্থিত ছিলেন। একইসঙ্গে ব্রাজিলের ঘরের মাঠে জাতীয় দলের ম্যাচ আরও বেশি ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। আমোরিমের প্রশ্ন, ব্রাজিলের বিভিন্ন প্রান্তে যেখানে দীর্ঘদিন জাতীয় দলের ম্যাচ হয়নি, সেখানে না গিয়ে কেন অস্ট্রেলিয়া ও ভারতের মতো দেশে ম্যাচ আয়োজন করা হচ্ছে? তাঁর মতে, বিশ্বকাপের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সমীর জাউদ জাতীয় দলকে দেশের সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমান পরিকল্পনায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এই সমালোচনার পাশাপাশি ভারতের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। ম্যাচের ফল ৪-০ হলেও ব্রাজিলের খেলায় প্রত্যাশিত গতি, পাসিং ও আক্রমণাত্মক ধার দেখা যায়নি বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতও ম্যাচের শুরুতে সংগঠিত ফুটবল খেলায় ব্রাজিলকে বেশ কিছু সময় আটকে রেখেছিল। শেষ পর্যন্ত এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে ৪-০ জয় পায় ব্রাজিল। ফলে কলকাতার ম্যাচটি একদিকে ভারতের জন্য ঐতিহাসিক অভিজ্ঞতা হলেও, অন্যদিকে ব্রাজিলের ফুটবলমহলে ম্যাচের আয়োজন, টিকিটের মূল্য এবং দলের পারফরম্যান্স—তিনটি বিষয় নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

