
নর্থইস্টকে ৭-২ গোলে উড়িয়ে আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে ফের কলকাতা ডার্বি
আইএফএ শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা বইয়ে ফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। সোমবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে হারিয়ে লাল-হলুদ ব্রিগেড নিশ্চিত করল শিল্ডের ফাইনাল। ফলে ডুরান্ড কাপের পর ফের এক বড় মঞ্চে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্যাচের শুরুটা অবশ্য ইস্টবেঙ্গলের পক্ষে ছিল না। দ্বিতীয় মিনিটেই আলাদিন আজারাইয়ের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ইস্টবেঙ্গল। ১১ মিনিটে ডেভিড লালহলানসাঙ্গা হেডে সমতা ফেরান। ২৩ মিনিটে রোহিত কুমারের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ক্রিস ইকোনোমিডিস আরও একটি গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করেন ডেভিড। ৫৬ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। নর্থইস্টের হয়ে আজারাই দ্বিতীয় গোল করলেও তাতে ম্যাচের চিত্র বদলায়নি। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আকে লোবা অভিষেক ম্যাচেই গোল করেন। এরপর সংযুক্তি সময়ে লুকাস জিয়োলিনস্কির গোলে ইস্টবেঙ্গলের জয় ৭-২ ব্যবধানে নিশ্চিত হয়। অর্থাৎ ডেভিডের হ্যাটট্রিকের পাশাপাশি রোহিত, ক্রিস, লোবা ও লুকাসও স্কোরশিটে নাম লেখান। এই জয়ের ফলে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ফের কলকাতা ডার্বি দেখা যাবে। মোহনবাগান প্রথম সেমিফাইনালে পঞ্জাব এফসিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ফাইনালে উঠেছিল। আগামী ৮ অক্টোবর আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হবে দুই কলকাতা জায়ান্ট। ডুরান্ড কাপের ফাইনালের পর ফের ট্রফির লড়াইয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

