পঞ্জাব থেকে বাংলায় ফেরার পথে কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন! পুড়ল চারটি কামরা, আতঙ্কে ট্রেন থেকে নামলেন যাত্রীরা

পঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি আসার পথে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কর্মভূমি এক্সপ্রেসে। শুক্রবার দুপুরে পঞ্জাবের পটিয়ালা জেলার সরাই বানজারা রেলস্টেশনের কাছে চলন্ত ট্রেনের চারটি কামরায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আতঙ্কে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেস অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ট্রেনের ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন নজরে আসে। পরে তা পাশের আরও কয়েকটি কামরায় ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, রেল আধিকারিক এবং স্থানীয় পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কামরা থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। যাত্রীদের চিকিৎসা সহায়তার জন্য অম্বালা থেকে মেডিক্যাল রিলিফ ট্রেনও পাঠানো হয় বলে রেল সূত্রে খবর। অম্বালা রেল ডিভিশনের ডিআরএম বিনোদ কুমার ভাটিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সন্দেহ করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চারটি কামরায় আগুন লাগার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

error: Content is protected !!