১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ SRFTI! ক্যাম্পাস-হস্টেল ছাড়ার নির্দেশ পড়ুয়াদের, অচলাবস্থা কাটার লক্ষণ নেই

পড়ুয়া ও কর্তৃপক্ষের সংঘাতের জেরে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ক্যাম্পাস বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হল। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের ক্যাম্পাস বন্ধ থাকবে। পঠনপাঠন-সহ নিয়মিত সমস্ত কাজকর্মও আপাতত স্থগিত থাকবে বলে বৃহস্পতিবার নোটিস জারি করে জানিয়েছে কর্তৃপক্ষ। হস্টেলে থাকা পড়ুয়াদেরও ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৩ নভেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই সময়সীমা আরও বাড়ানো হল। গত ২৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের অভিযোগ ওঠে। এরপর ৪ অক্টোবর বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের একটি কর্মসূচিকে কেন্দ্র করেও নতুন করে উত্তেজনা ছড়ায়। নিরাপত্তা, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং পড়ুয়াদের স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগের দাবিও ওঠে। অন্যদিকে, কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক জন আন্দোলনকারী পড়ুয়া ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে হেনস্তা, শারীরিক নিগ্রহ এবং ভাঙচুরের মতো অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে ১৬ অক্টোবর থেকে ফিল্ম ও ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া (EDM) বিভাগের নিয়মিত ক্লাস বন্ধ করে পড়ুয়াদের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ও হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল। পড়ুয়াদের অভিযোগ, ক্লাস বন্ধের পাশাপাশি খাবার, পানীয় জল, বিদ্যুৎ ও ওয়াই-ফাইয়ের মতো মৌলিক পরিষেবা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, সমস্যা সমাধানে আলোচনার বদলে কর্তৃপক্ষ শাস্তিমূলক পদক্ষেপ করছে। অন্যদিকে, কর্তৃপক্ষের বক্তব্য, ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পড়ুয়াদের দাবি ও কর্তৃপক্ষের অবস্থানের মধ্যে এখনও সমঝোতার কোনও ইঙ্গিত নেই। ফলে চলচ্চিত্র শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে কবে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

error: Content is protected !!