রিল বানানোর নামে কিশোরের গায়ে পেট্রল ঢেলে আগুন! গড়ফায় নৃশংস অত্যাচারের অভিযোগ, গ্রেপ্তার ৪

সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির নেশায় এক কিশোরের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার গড়ফায়। অভিযোগ, প্রথমে হেলমেট পরিয়ে চোখ বেঁধে মারধর করা হয় তাকে। পরে জোর করে পেট্রল খাওয়ানোর চেষ্টা এবং বাধা দেওয়ায় তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি গত ২৭ অক্টোবর গড়ফার নেলিনগর এলাকার একটি পুকুরপাড়ে ঘটে। শুক্রবার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কিশোর স্থানীয় বাসিন্দা। অভিযুক্তরাও ওই এলাকারই যুবক ও নাবালক। অভিযোগ, খেলার নাম করে তাকে ঘিরে ধরে মাথায় হেলমেট পরিয়ে চোখ বেঁধে দেওয়া হয়। এরপর একের পর এক চড় মারতে থাকে অভিযুক্তরা। কে মারছে, তা চিনে বলতে বলা হয়েছিল কিশোরকে। কিন্তু বারবার চেষ্টা করেও কাউকে শনাক্ত করতে না পারায় অত্যাচার বাড়ে বলে অভিযোগ। একসময় বিরক্ত হয়ে কিশোর হেলমেট খুলে ফেললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বাইক থেকে পেট্রল বের করে তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়। কিশোর বাধা দিলে তার গায়ে পেট্রল ঢেলে দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কোনওরকমে জ্বলন্ত পোশাক খুলে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচে সে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরিবারের অভিযোগ, কয়েক মাস আগে এক অভিযুক্তের কাছ থেকে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে কিশোরকে হেনস্তা করা হচ্ছিল। যদিও এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় রিল হিসেবে পোস্ট করার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। এমনকী, পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি স্বেচ্ছায় রিল তৈরির জন্য করা হয়েছে, এমন কথা বলার জন্য আক্রান্তকে শেখানো হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গড়ফা থানার পুলিশ খুনের চেষ্টার মামলা রুজু করেছে। মূল অভিযুক্ত অর্ঘ্য সাহা-সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন নাবালক রয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং নির্যাতনের পিছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

error: Content is protected !!