নবম শ্রেণির হাফ ইয়ার্লিতে পাশ করতেই পুরস্কার আড়াই কোটির BMW! ছেলের জন্য বিলাসবহুল গাড়ি কিনলেন গলসির ব্যবসায়ী

নবম শ্রেণির হাফ ইয়ার্লি পরীক্ষায় পাশ করার পুরস্কার হিসেবে ছেলেকে আড়াই কোটি টাকার BMW গাড়ি উপহার দিলেন পূর্ব বর্ধমানের গলসির এক ব্যবসায়ী। এমন অভিনব উপহার ঘিরে ইতিমধ্যেই এলাকায় চর্চা শুরু হয়েছে। গলসির পারাজের বাসিন্দা সামসুদ্দিন মিদ্যা পেশায় ব্যবসায়ী। তাঁর ছেলে তালহা মিদ্যা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। সম্প্রতি ছেলের হাফ ইয়ার্লি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ভালো নম্বর পেয়ে পাশ করায় খুশি বাবা ছেলেকে বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই উপহার যে একটি বিলাসবহুল BMW হবে, তা হয়তো কল্পনাও করেনি কিশোর। ছেলের পছন্দকে গুরুত্ব দিয়ে BMW M4 Competition মডেলের গাড়ি কেনার সিদ্ধান্ত নেন সামসুদ্দিন। গাড়ি কেনার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বই যান তিনি। সেখানেই গাড়ির রং পছন্দ করেন বাবা-ছেলে। সামসুদ্দিনের দাবি, গাড়িটি কিনতে তাঁর প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। গাড়ির সামনে ছেলেকে পাশে নিয়ে ছবিও তুলেছেন তিনি। জানা গিয়েছে, সামসুদ্দিনের বাড়ির গ্যারাজে আগে থেকেই রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার এবং হুন্ডাই আলকাজারের মতো একাধিক দামি গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হল BMW M4 Competition। গাড়ির নম্বর নিয়েও তাঁর বিশেষ পছন্দ রয়েছে। একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’। বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রতি অনুরাগ থেকেই এই নম্বরের প্রতি তাঁর আকর্ষণ বলে জানিয়েছেন সামসুদ্দিন। ছেলের পরীক্ষায় পাশের আনন্দে এমন বিপুল অঙ্কের উপহার দেওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে স্থানীয় বাসিন্দাদের।

error: Content is protected !!