
‘সৃ-জলা, আর জল মিশিও না!’ বিগ বসের ঘরে সৃজলাকে খোঁচা জীতুর, নতুন করে চর্চায় সম্পর্কের সমীকরণ
‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণে ফের নতুন মোড়! সহ-প্রতিযোগী সৃজলা গুহকে উদ্দেশ্য করে জীতু কমলের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। সোমবারের পর্বে দেখা যায়, গার্ডেন এরিয়ায় একান্তে বসে নিজেদের কলেজজীবনের নানা কথা বলছিলেন জীতু ও সৃজলা। সেই কথোপকথনের মাঝেই সৃজলা নিজের অভিজ্ঞতার কথা বলতে শুরু করলে জীতু তাঁকে বলেন, “সৃ-জলা, আর জল মিশিও না। আর জল মিশিও না।” অভিনেতার এই মন্তব্যে কিছুটা হতভম্ব হয়ে সৃজলা জানান, তাঁর জীবনে কিছু নীতি রয়েছে এবং তিনি কখনও মিথ্যা বলেন না। কিন্তু জীতু পালটা বলেন, তাঁর চোখ দেখেই নাকি অনেক কিছু বোঝা যায়। কলকাতার টালার জল খেয়ে বড় হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি, পাশাপাশি সৃজলাকে ‘বড় খেলোয়াড়’ বলেও কটাক্ষ করেন। এই কথার পর সৃজলাকে হাসতে দেখা যায়। তবে জীতুর মন্তব্যের প্রকৃত ইঙ্গিত কী, তা নিয়ে দর্শকদের একাংশের মধ্যে শুরু হয়েছে জল্পনা। ‘বিগ বস বাংলা’র শুরুতে সৃজলা ও গায়ক দুর্নিবার সাহার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হয়েছিল। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও বিষয়টি নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনোর মতো তথ্য নেই। পরবর্তী সময়ে দু’জনের মধ্যে দূরত্ব বাড়তে দেখা যায় এবং সৃজলার সঙ্গে জীতুর বন্ধুত্ব আরও দৃশ্যমান হয়ে ওঠে। সৃজলা নিজেও অন্য এক প্রতিযোগী নিরঞ্জন মণ্ডলকে জানিয়েছিলেন, জীতুর সঙ্গে তাঁর কথাবার্তা শুধু গেমপ্ল্যান নিয়ে সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত বিষয়ও উঠে আসে। এবার সেই বন্ধুত্বের মধ্যেই জীতুর ‘জল মেশানো’ এবং ‘বড় খেলোয়াড়’ মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সম্পর্ক নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা আপাতত দর্শকদের অনুমানেই সীমাবদ্ধ।

