
কয়লা পাচার মামলায় ইডির জালে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল, তদন্তে নতুন মোড়
বহুচর্চিত কয়লা পাচার মামলায় এবার বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মামলায় গ্রেপ্তার করা হয়েছে বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অবৈধ কয়লা কারবারে মদত এবং আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার চক্রকে সুরক্ষা দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। তদন্তে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য এবং একাধিক নথি হাতে এসেছে বলে দাবি তদন্তকারীদের। এর আগেও তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়েছিলেন বলে অভিযোগ।চলতি বছরের শুরুতে কয়লা পাচার মামলার তদন্তে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সেই সময় গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংগ্রহ করা হয়। তদন্তকারীদের দাবি, পশ্চিম বর্ধমান ও সংলগ্ন এলাকায় অবৈধ কয়লা কারবারের সঙ্গে জড়িত একটি বড় চক্রের হদিস মিলেছে এবং সেই চক্রের সঙ্গে একাধিক ব্যক্তি ও ব্যবসায়ীর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।মনোরঞ্জন মণ্ডলের গ্রেপ্তারের ফলে এই মামলার তদন্তে নতুন মোড় এল বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কয়লা পাচার চক্রের আর্থিক লেনদেন, প্রভাবশালী ব্যক্তিদের সম্ভাব্য যোগ এবং গোটা নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবে।

