যোগ দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক কেন? হাই কোর্টের দ্বারস্থ কো-অর্ডিনেশন কমিটি

আসন্ন International Day of Yoga উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। সরকারি কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশের বিরোধিতা করে সংগঠনের দাবি, এই ধরনের অনুষ্ঠানে যোগদান স্বেচ্ছামূলক হওয়া উচিত।নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সমস্ত সরকারি কর্মীদের তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত যোগ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই নির্দেশ স্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক, দৈনিক মজুরি, আউটসোর্সড এবং সাম্মানিক ভিত্তিতে কর্মরতদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।এই নির্দেশিকার বিরুদ্ধে কো-অর্ডিনেশন কমিটি কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে। সংগঠনের বক্তব্য, যোগব্যায়াম একটি ব্যক্তিগত পছন্দের বিষয় এবং তা বাধ্যতামূলক করা উচিত নয়। মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গিয়েছে।অন্যদিকে, ২১ জুনের আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে কলকাতায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। রেড রোডে মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। সেই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শহরের বিভিন্ন অংশে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে রাজ্য সরকারের নির্দেশিকা, অন্যদিকে কর্মচারী সংগঠনের আপত্তি—এই দুই অবস্থানের প্রেক্ষিতে হাই কোর্টের পর্যবেক্ষণের দিকেই এখন নজর সকলের।

error: Content is protected !!