যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য, ধাক্কাধাক্কির অভিযোগ ঘিরে উত্তেজনা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘক্ষণ ধরে চলা অল স্টেকহোল্ডার বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার রাতের এই ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। বৈঠক শেষে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল পড়ুয়া। সেই সময় তাঁকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে গেটের কাছে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। এরপরই আচমকা পড়ে যান উপাচার্য। নিরাপত্তারক্ষীদের দাবি, বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও বিক্ষোভকারী পড়ুয়ারা সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, কোনও পড়ুয়া উপাচার্যকে আঘাত করেননি বা ধাক্কা দেননি। বরং তাঁরা নিজেদের দাবি ও বক্তব্য উপাচার্যের সামনে তুলে ধরার চেষ্টা করছিলেন। সোমবার দুপুরের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অল স্টেকহোল্ডার বৈঠক শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা ওই বৈঠকে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি, একাধিক সাংগঠনিক বিষয় এবং পড়ুয়াদের বিভিন্ন দাবি নিয়ে সেখানে আলোচনা হয়। বৈঠকের মধ্যেই বিভিন্ন বিষয়ে মতবিরোধ ও উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানা গিয়েছে। পরে বৈঠক শেষ হওয়ার পর উপাচার্য বেরিয়ে আসার সময় তাঁকে ঘিরে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা উপাচার্যকে নিরাপদে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময়েই গেটের কাছে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় এবং উপাচার্য মাটিতে পড়ে যান বলে অভিযোগ। ঘটনার পর পড়ুয়াদের একাংশ উপাচার্যের পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ফুটেজ সামনে এলেই আসল ঘটনা স্পষ্ট হবে। অন্যদিকে নিরাপত্তারক্ষীদের দাবি, বিক্ষোভকারীদের চাপের মধ্যেই উপাচার্য পড়ে যান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ও সংঘাতের অভিযোগ সামনে এসেছে। এসএফআই এবং এবিভিপির মধ্যে বিবাদকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই আবহের মধ্যেই সোমবারের বৈঠককে ঘিরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপাচার্যের পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পড়ুয়াদের একাংশের বক্তব্য, তাঁদের দাবিগুলি গুরুত্ব দিয়ে শোনা হয়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী দিনে প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলির মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় কি না, এখন সেদিকেই নজর সকলের।

error: Content is protected !!