
স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এ চালু হচ্ছে হেল্পলাইন নম্বর, বিধানসভায় ঘোষণা শিক্ষামন্ত্রীর
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে সমস্যা জানাতে হেল্পলাইন চালু করল রাজ্য । মঙ্গলবার বিধানসভায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এদিন বিধানসভায় তিনি একটি হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি ঘোষণা করেছেন। ঋণ পেতে সমস্যায় পড়লে এই হেল্পলাইন এবং ইমেল আইডির সাহায্য নিতে পারেন পড়ুয়ারা । এক্ষেত্রে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা ঋণ পেতে কোনও সমস্যার মুখোমুখি হলে তারা হেল্পলাইন নম্বর 18001028014-এ কল করতে পারে বা [email protected]-এ একটি ইমেল পাঠাতে পারে । এক্ষেত্রে শিক্ষা দফতর অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেবে । জাতীয় ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা বড় অংশই ছাত্র-ছাত্রীদের ঋণ দিতে চাইছে না । এই নিয়ে অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরব হতে দেখা গিয়েছে । যেহেতু এই ঋণের গ্যারান্টার হিসাবে দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার । তাই এই ধরনের প্রত্যাখ্যান কাঙ্ক্ষিত নয় বলেই মত রাজ্য সরকারের ।

