
SBI-তে ৪ হাজার কর্মী নিয়োগের বড় ঘোষণা! তৈরি হচ্ছে নতুন লোন কালেকশন টিম
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক State Bank of India (SBI) বড় নিয়োগের ঘোষণা করল। আগামী এক বছরের মধ্যে প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ নতুন কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন SBI-র চেয়ারম্যান C.S. Setty।জানা গিয়েছে, এই নতুন কর্মীদের মূলত লোন কালেকশন ও রিকভারি টিমে নিয়োগ করা হবে। অর্থাৎ যেসব ঋণগ্রহীতা সময়মতো EMI বা ঋণের টাকা শোধ করতে পারছেন না, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা, প্রাথমিক পর্যায়ে সমস্যা চিহ্নিত করা এবং ঋণ পুনরুদ্ধারের কাজেই এই টিম কাজ করবে।SBI চেয়ারম্যানের বক্তব্য, ব্যাঙ্কের ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। সেই কারণে ভবিষ্যতে খারাপ ঋণ বা NPA যাতে না বাড়ে, তার জন্য আগেভাগেই শক্তিশালী কালেকশন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বর্তমানে SBI-র নেট NPA মাত্র ০.৩৯ শতাংশে নেমে এসেছে, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিয়োগ বর্তমান SBI কর্মীদের মধ্য থেকে নয়। ব্যাঙ্কের সহযোগী সংস্থা বা সাবসিডিয়ারির মাধ্যমে নতুন কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তাঁরা মাঠে কাজ করলেও পুরো সিস্টেম কেন্দ্রীয়ভাবে SBI পরিচালনা করবে।ব্যাঙ্কিং মহলের মতে, RBI-এর Expected Credit Loss (ECL) সংক্রান্ত নতুন নিয়মের কারণেই এই পদক্ষেপ। নতুন নিয়ম অনুযায়ী, ঋণ খেলাপির প্রাথমিক লক্ষণ দেখা দিলেই ব্যাঙ্ককে সতর্ক হতে হবে। তাই আগেভাগে রিকভারি টিম শক্তিশালী করছে SBI।এই ঘোষণার পর ব্যাঙ্ক চাকরিপ্রার্থীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। কারণ আগামী দিনে SBI ও তার সহযোগী সংস্থাগুলিতে বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

