মোদিকে আবেগঘন চিঠি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বার্তা—‘আপনার নেতৃত্বে গড়ে তুলব সোনার বাংলা’

পশ্চিমবঙ্গ দিবস ও ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির পর তাঁকে একটি আবেগঘন চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২২ জুন মুখ্যমন্ত্রীর দপ্তরের লেটারহেডে লেখা তিন পাতার সেই চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘পরম সম্মানীয় মোদীজি’ বলে সম্বোধন করা হয়েছে।চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অপশাসনের পর পশ্চিমবঙ্গ এখন সুশাসন, প্রগতি ও বিকাশের পথে এগিয়ে চলেছে। রাজ্যের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।তিন পাতার চিঠিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করার জন্য মোদি সরকারের ভূমিকাকেও প্রশংসা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই আইনের মাধ্যমে উদ্বাস্তু ও নিপীড়িত মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথ তৈরি হয়েছে।চলতি বছর ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেন্দু অধিকারী জানান, তাঁর নেতৃত্বে আগামী দিনে “সোনার বাংলা” গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করবে।প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা সফর এবং রাজ্যে নতুন সরকারের কর্মকাণ্ডের প্রেক্ষিতে এই চিঠিকে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

error: Content is protected !!