
মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধস, মৃত ১০, নিখোঁজ বহু
মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুর সহসিলের ইরশালওয়াদি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা। এখনও পর্যন্ত সেখান থেকে ১০ জনের দেহ উদ্ধার করেছে এনডিআরএফ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ২৫ জনকে। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে দুটি দল পৌঁছেছে। সেখানে তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। সেই অভিযানে যোগ দিতে মুম্বই থেকে আরও দুটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এদিকে এই ঘটনার পরে রায়গড় পুলিশ একটি কন্ট্রোল রুম তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে অন্তত ২৫ জনকে উদ্ধার করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফের আশঙ্কা ১৫ থেকে ২০ টি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

