রাহুলকে ঘিরে ফের আবেগঘন পোস্ট মৌমিতার, প্রয়াত অভিনেতার বলা কথাই শেয়ার করলেন

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। দুর্গাপুজোর কয়েকদিন আগে শাড়ি, নেকলেস ও হালকা সাজে নিজের ছবি পোস্ট করে রাহুলের বলা একটি কথা প্রকাশ্যে আনেন তিনি। মৌমিতার দাবি, রাহুল তাঁকে বলেছিলেন, “তুমি ঐশ্বর্য হতে পারবে না, তবে মৌমিতার সেরা ভার্সন নিশ্চয়ই হতে পারবে।” সেই কথাকেই নিজের নতুন পোস্টের ক্যাপশনে তুলে ধরে অভিনেত্রী লেখেন, সেই সেরা সংস্করণ হয়ে ওঠার চেষ্টাই চলছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় পাঁচ মাস পর চলতি বছরের আগস্টে তাঁকে নিয়ে প্রথম প্রকাশ্যে সম্পর্কের দাবি করেছিলেন মৌমিতা। রাহুলের বাইকে তাঁকে নিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে নিজেকে অভিনেতার প্রেমিকা হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে টলিপাড়ায় শুরু হয় বিতর্ক। ইন্ডাস্ট্রির কয়েকজন পরিচিত মুখও মৌমিতার সেই দাবি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। পরে সমালোচনার জবাব দিতে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেন মৌমিতা এবং দাবি করেন, রাহুলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, মৃত্যুর আগের সময়েও রাহুলের সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং তাঁদের সম্পর্কের কথা একদিন প্রকাশ্যে জানানোর ইচ্ছাও ছিল। এর আগে মৌমিতা জানিয়েছিলেন, তাঁর প্রয়াত স্বামী অরিদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর দীর্ঘদিন তিনি হোলি খেলেননি। তাঁর দাবি, রাহুলই তাঁকে সেই মানসিক অবস্থা থেকে বের করে আনতে চেষ্টা করেছিলেন এবং হোলির দিন তাঁর বাড়িতে গিয়ে আবির মাখিয়েছিলেন। রাহুলের প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও অভিনেতার সম্পর্ক নিয়ে মৌমিতা বলেছিলেন, তাঁদের মধ্যে সুন্দর বন্ধুত্ব ছিল এবং প্রিয়াঙ্কা রাহুলের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। তবে রাহুল কাউকে ধোঁকা দিয়ে তাঁর কাছে আসেননি বলেও দাবি করেছিলেন মৌমিতা। এবার ফের রাহুলের বলা ব্যক্তিগত একটি কথা প্রকাশ্যে এনে নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক পোস্টে এখনও পর্যন্ত টলিপাড়ার পরিচিত মহল থেকে নতুন কোনও মন্তব্য সামনে আসেনি। তবে সমাজমাধ্যমে ফের শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। রাহুলকে ঘিরে মৌমিতার প্রকাশ্যে আনা সম্পর্কের দাবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, নতুন পোস্ট সেই বিতর্ককে আরও একবার উসকে দিয়েছে।

error: Content is protected !!