কৃষকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের! রবি মরশুমে সারের ভর্তুকি বাড়ল ৬৪ শতাংশ, বরাদ্দ ৬২ হাজার কোটি টাকা

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে সারের দাম ও আমদানির খরচ বেড়েছে। তার প্রভাব পড়েছে ভারতের কৃষিক্ষেত্রেও। এই পরিস্থিতিতে কৃষকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রবি শস্যের মরশুমে ফসফেট ও পটাশজাতীয় সারের ভর্তুকি একলাফে প্রায় ৬৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ সালের রবি মরশুমের জন্য সারের ভর্তুকি বাবদ প্রায় ৬২,৩৭০.০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত রবি মরশুমে এই খাতে বরাদ্দ ছিল প্রায় ৩৭,৯৫২ কোটি টাকা। অর্থাৎ এবার অতিরিক্ত প্রায় ২৪,৪১৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী রবি মরশুমে কৃষকদের যাতে সুলভ মূল্যে প্রয়োজনীয় সার সরবরাহ করা যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। গম, ডাল এবং তৈলবীজের মতো শীতকালীন ফসলের চাষে এই ভর্তুকি বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাইট্রোজেনের ক্ষেত্রে প্রতি কেজিতে ভর্তুকি নির্ধারণ করা হয়েছে ৯৪.২১ টাকা। ফসফরাসে প্রতি কেজিতে ৬৬.১১ টাকা, পটাশে ২.৩৮ টাকা এবং সালফারে ১০.৪২ টাকা ভর্তুকি দেওয়া হবে। এই নতুন হার ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে সার উৎপাদনের কাঁচামাল ও জ্বালানির সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহণে বাধার আশঙ্কা ভারতের সার আমদানিকে প্রভাবিত করেছে। ভারত প্রয়োজনীয় সারের একটি বড় অংশ আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব সরাসরি দেশের কৃষিক্ষেত্রে পড়ে। কেন্দ্রের দাবি, ভর্তুকি বাড়ানোর ফলে কৃষকরা তুলনামূলক কম দামে প্রয়োজনীয় সার কিনতে পারবেন। তবে এই বিপুল বরাদ্দের ফলে কেন্দ্রীয় সরকারের আর্থিক ব্যয়ের উপরও বাড়তি চাপ তৈরি হতে পারে।

error: Content is protected !!