
অভিষেকের কালীঘাটের বাড়ির পাশে পুলিশের রেইকি! ফের হামলার আশঙ্কা প্রকাশ তৃণমূল সাংসদের
ফের নিজের কালীঘাটের বাড়ির পাশে পুলিশি নজরদারির অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশের বিরুদ্ধে রেইকি করার অভিযোগ করেন তিনি। অভিষেকের দাবি, সরকারি পুলিশের গাড়ি ব্যবহার করে তাঁর বাড়ির চারপাশে নজরদারি চালানো হচ্ছে। এমনকী, তাঁকে লক্ষ্য করে ফের হামলার পরিকল্পনা করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা হেলমেট পরা দুই ব্যক্তিকে একটি বাইকে করে তাঁর বাড়ির আশপাশে ঘুরতে দেখা যাচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশের লোগো লাগানো একটি বাইকও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে এক ব্যক্তিকে ফোনে কথা বলতে বলতে অভিষেকের বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। এই ভিডিও প্রকাশ করে অভিষেক অভিযোগ করেন, গত সপ্তাহেও একইভাবে তাঁর বাড়ির আশপাশে রেইকি করা হয়েছিল। তার ঠিক পরের দিন, ৭ নভেম্বর তাঁর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। চার দিন পেরিয়ে গেলেও ওই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। অভিষেকের কথায়, আবারও তাঁর উপর হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। তাঁকে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করাই কি প্রশাসনের উদ্দেশ্য, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি বারবার অভিযোগ জানানোর পরেও লোকসভার স্পিকার ওম বিড়লা কেন কোনও পদক্ষেপ করছেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। উল্লেখ্য, গত ৭ নভেম্বর অভিষেকের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় তাঁর বাড়িতে হামলার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেছিলেন অভিষেক। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে, বুধবারই অভিষেকের বাড়ির সামনে থাকা অস্থায়ী টিনের শেড খুলে ফেলার কাজ শুরু হয়। ফুটপাথ জবরদখল করে ওই শেড তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশের নির্দেশেই শেড সরানোর কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অভিষেকের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিজেপি নেতা ঋতেশ তিওয়ারি পালটা তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী অবশ্য বিষয়টি রাজনৈতিক বিতর্কে না টেনে পুলিশকে অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন।

