প্রাতঃভ্রমণে গিয়ে অসুস্থ জগদীপ ধনখড়, AIIMS-এ ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি

প্রাতঃভ্রমণে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবার সকালে হাঁটতে বেরিয়ে আচমকাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়। সূত্রের খবর, প্রাতঃভ্রমণের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সি জগদীপ ধনখড়। বেশ কিছুক্ষণ তিনি অচেতন অবস্থায় ছিলেন। এরপর নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে বাড়িতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাঁকে AIIMS-এ স্থানান্তরিত করা হয়। বর্তমানে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে ঠিক কী কারণে তিনি জ্ঞান হারিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০২২ সালের অগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জগদীপ ধনখড়। এর আগেও একাধিকবার তাঁর শারীরিক অসুস্থতার খবর সামনে এসেছিল। ২০২৫ সালের মার্চ মাসে বুকে ব্যথা নিয়ে AIIMS-এ ভর্তি হয়েছিলেন তিনি। প্রাক্তন উপরাষ্ট্রপতির অসুস্থতার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন সকলে।

error: Content is protected !!