
আজ ভার্চুয়াল বৈঠকের ডাক ডিজি মনোজ মালব্যর
বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৷ সাফ জানিয়ে দেন, বগটুই থেকে হাঁসখালি, বাগুইআটি খুনের ঘটনায় বারেবারে পুলিশি ব্যর্থতায় অসন্তুষ্ট তিনি। বুধবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে প্রথমেই ডিজির খোঁজ করেন মুখ্যমন্ত্রী । তাঁর কাছে জানতে চান, “এটা কী হচ্ছে ?” বাগুইআটির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ধরনের একটা সেনসিটিভ ইস্যু, কেন কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ?” যেহেতু এটি দু’জন মাধ্যমিক পরীক্ষার্থীর বিষয়, তাই তিনি স্পষ্ট জানান এখানে তিনি কোনওভাবে কোনও গাফিলতি বরদাস্ত করবেন না । এই প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব দূর করতে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য । বৈঠকে থাকবেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীম-সহ রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।

