
নিউটাউন থানার সাফল্য, চুরি যাওয়া ৩ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত
বিধাননগর সিটি পুলিশের নিউটাউন থানার বড় সাফল্য। চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনায় সোম দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ধারাবাহিক অভিযানে এই সাফল্য পেয়েছে নিউটাউন থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ জুলাই ২০২৬ নিউটাউন থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগে জানানো হয়, একটি গ্যারেজ থেকে Suzuki Gixxer SF মোটরসাইকেল চুরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানায় মামলা নং ২৬৭/২০২৬ রুজু করে তদন্ত শুরু হয়।তদন্তে নেমে এএসআই বিজয় সিংহ এবং নিউটাউন থানার তদন্তকারী দল একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, মাঠপর্যায়ে অনুসন্ধান চালায় এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সোম দাসকে গ্রেপ্তার করে।পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় প্রথমে যাত্রাগাছি এলাকা থেকে চুরি হওয়া Suzuki Gixxer SF মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে নিউটাউনের আদর্শপল্লি এলাকা থেকে আরও একটি এবং বাগুইআটি থানার উদয়নপল্লি এলাকা থেকে আরও একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।বিধাননগর সিটি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কোনও ব্যক্তি জড়িত রয়েছে কি না এবং এই চক্রের সঙ্গে অন্য মোটরসাইকেল চুরির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে।

